স্কুলছাত্রীকে ধর্ষণ, দেড় মাসেও আসামি গ্রেপ্তার হয়নি
রংপুরের পীরগাছায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি লেবু মিয়াকে (২৫) দেড় মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রী আফরোজা আক্তার (১৪) বিচার না পেয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে।আফরোজার ভাই নুরুল ইসলাম বাদী হয়ে গত ২২ জানুয়ারি ধর্ষক লেবু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় একটি মামলা করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ এখন পর্যন্ত লেবু মিয়াকে গ্রেপ্তার করেনি। এ কারণে লেবু ও তাঁর লোকজন মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম পারুল গ্রামের আকাব্বর হোসেনের মেয়ে ও দেউতি রফিকুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তারকে একই গ্রামের ছফিয়াল মিয়ার ছেলে লেবু মিয়া ২০ জানুয়ারি রাতে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার গ্রামবাসীর কাছে বিচার চায়। কিন্তু বিচার না পেয়ে ২২ জানুয়ারি সকালে ওই ছাত্রী গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে তার মুখমণ্ডলসহ শরীর পুড়ে যায়। পরে গ্রামবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর ৩১ জানুয়ারি রাতে সে মারা যায়।পীরগাছা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, লেবু মিয়া পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ধর্ষণের শিকার অগ্নিদগ্ধ সেই ছাত্রীর মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।