স্কুলছাত্রীকে ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে ধর্ষণ এবং তাকে জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলায় মানববন্ধন হয়েছে। জানা যায়, মেয়েটি (১৪) উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করছে। স্থানীয় গৃহশিক্ষক ওহাব মল্লিকের (৬০) কাছে সে প্রাইভেট পড়ত। ওই শিক্ষকের বাড়ি উপজেলার গাজনা ইউনিয়নে। মেয়েটি অভিযোগ করেছে, ওই শিক্ষক গত ৭ ফেব্রুয়ারি সকালে তাকে কৌশলে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে না বলতে শাসিয়ে দেন। পরে তিনি আরও কয়েকবার ধর্ষণ করেন। এতে একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২৭ আগস্ট মধুখালীর একটি ক্লিনিকে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হয়। মেয়েটির পরিবার জানায়, অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়ে গেলে শিক্ষক ওহাব ওই দিনই তাঁর ভাই মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক সাদেকুর রহমান মল্লিকের সহায়তায় মেয়েটিকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে মধুখালী থেকে ফরিদপুর শহরে নিয়ে যান এবং সেখানে এক চিকিৎ সকের বাড়িতে নিয়ে তার গর্ভপাত ঘটান।অভিযোগ উঠেছে, এ ব্যাপারে মেয়েটির বাবা মধুখালী থানায় অভিযোগ করেও কোনো ফল পাননি। পরে তিনি ৮ সেপ্টেম্বর ফরিদপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার মধুখালী থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গ্রামবাসী জানান, পুলিশ অদ্যাবধি কোনো ব্যবস্থা না নেওয়ায় মেয়েটির বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত স্কুলের সামনে মধুখালী-বালিয়াকান্দী সড়কে মানববন্ধন করেন।জানা গেছে, ওহাব মল্লিকের এক ছেলে ও দুই মেয়ে। তবে ওহাবের ছেলে দাবি করেছেন, ‘তাঁর বাবা নির্দোষ। এলাকাবাসীর সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তাই তারা ষড়যন্ত্র করে এ কাহিনির অবতারণা করেছে।’ তিনি দাবি করেন, তাঁর বাবা অসুস্থ। বর্তমানে তিনি মাগুরায় তাঁর বাসায় আছেন।মেয়েটির বাবার অভিযোগ অস্বীকার করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীন আলী মুঠোফোনে বলেন, এ ব্যাপারে এর আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে এসআই রাহেদুলকে নির্দেশ দেওয়া হয়েছে।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ রকম একটা অভিযোগ পুলিশ সুপারের কার্যালয় থেকে থানায় এসেছে বলে শুনেছি।’উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক সাদেকুর রহমান মল্লিকের মুঠোফোনেও একাধিকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাঁকে পাওয়া যায়নি।