খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে শহর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাঙামাটির লংগদু উপজেলার গাতাছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে দীঘিনালা থানায় গত শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় শহর আলীকে একমাত্র আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার শহর আলী একসময় স্কুলছাত্রীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পূর্বপরিচিত হওয়ার সুযোগে গত শুক্রবার দুপুরে তিনি তাঁদের বাড়িতে আসেন। এ সময় ছাত্রীটির মা পানি আনার জন্য বাড়ির পাশের নলকূপে যান। একা পেয়ে শহর আলী স্কুলছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালান। তবে ছাত্রী চিৎকার দিলে মা এসে তাকে রক্ষা করে। তখন শহর আলী দৌড়ে পালিয়ে যান।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গত শুক্রবার রাতে ছোট মেরুংবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (গতকাল) খাগড়াছড়ি আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।