স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে যুবকের কারাদণ্ড
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার সময় স্কুলছাত্রীকে জোর করে ধর্ষণচেষ্টার অভিযোগে উজ্জ্বল দেবনাথ (২৪) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিম প্রথম আলোকে জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আড়কান্দি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫) প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে আড়কান্দি বাজারের স্বর্ণের ব্যবসায়ী বহরপুর ইউনিয়নের আড়কান্দি শ্যামসুন্দর গ্রামের সুকুমার দেবনাথের ছেলে উজ্জ্বল দেবনাথ তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বখাটে উজ্জ্বলকে হাতেনাতে আটক করে।খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সাক্ষীদের বক্তব্য শোনেন এবং আটককৃত যুবক তাঁর দোষ স্বীকার করায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।