স্কুলছাত্রীকে ধর্ষণ মীমাংসার চেষ্টা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের একটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে৷ গত রোববারের ওই ঘটনার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধর্ষককে ১০ হাজার টাকা জরিমানা করে ঘটনার মীমাংসার চেষ্টা করেন৷ শিশুটির পরিবার তা প্রত্যাখ্যান করে মামলা করেছে৷
শিশুটির পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল ১০টার দিকে শিশুটি বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল৷ পথে একটি চালকলের মেশিনম্যান আল আমিন তাকে একটি বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে৷ চিৎকার শুনে ওই বাড়ির গৃহবধূ স্ত্রী ছুটে এসে শিশুটিকে উদ্বার করেন৷
পরিবারের সদস্যরা আরও জানান, ঘটনার পর বুড়াইচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব আল আমিনকে রক্ষার জন্য রোববার সারা দিন আলাপ-আলোচনার কথা বলে মেয়েটির পরিবারকে হাসপাতাল ও থানায় যেতে দেয়নি৷ রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক মুন্সী মোহাম্মদ ফজলে রাব্বি তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ ওই রাতেই আল আমিনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করা হয়৷
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘আল আমিন ধর্ষণ করেনি৷ তবে চেষ্টা করেছিল৷ তবু ঘটনায় আপস-মীমাংসার জন্য আল আমিনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ কিন্তু মেয়েটির পরিবার এ ঘটনার মীমাংসা করলে সামাজিকভাবে হেয় হতে হবে জানিয়ে জরিমানার সিদ্ধান্ত না মেনে থানায় অভিযোগ করেছে৷’
ধর্ষণের মতো অভিযোগ আইনিভাবে মোকাবিলা না করে শুধু জরিমানা করে মীমাংসা করতে পারেন কিনা জানতে চাইলে চেয়ারম্যান কোনো জবাব দেননি৷
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিশুটির বাবা লিখিত অভিযোগ পাওয়ার পর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে৷ শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷