স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ, বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

বরিশালের উজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল বুধবার পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে।
সকাল ১০টায় উজিরপুরের শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী পরীক্ষা বর্জন করে ওই বিক্ষোভে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবদুল বারেক মোল্লার ছেলে রানা মোল্লা এবং তার সহযোগী বেল্লাল হোসেন ও আরিফ তার পথরোধ করে। একপর্যায়ে বখাটেরা ওই ছাত্রীকে পাশের একটি পানের বরজে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ওই দিন রাতেই উজিরপুর মডেল থানায় মামলা করেন।
ধর্ষণচেষ্টার ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকালে বিদ্যালয়ের পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেয়।
একপর্যায়ে তারা অভিযুক্ত বখাটেদের গ্রেপ্তারসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও পরিচালনা পরিষদের সদস্য আবদুল বারেক ফকিরের অপসারণ দাবি করে। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে রানা ও বেল্লাল অভিযোগ অস্বীকার করে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বারেক ফকির বলেন, ‘আমি ও আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে।’
প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন বলেন, ‘বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। এ ছাড়া বিকেলে পরিচালনা পর্ষদের বৈঠকে পর্ষদের সদস্য আবদুল বারেক ফকিরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে।’