স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ এবং ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী নলচিড়া বন্দরে এসব কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী নলচিড়া হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করেছে। ধর্ষণের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর দাদা গৌরনদী থানায় মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার স্কুল শেষে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। বিকেল চারটার দিকে সে নলচিড়া গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের বাড়ির কাছে পৌঁছালে নুর মোহাম্মদের ছেলে ছলেমান হোসেন (৩০) তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে গেলে ছলেমান পালিয়ে যান। স্থানীয় লোকজন ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম জানান, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ছাত্রীর দাদা অভিযোগ করেন, ঘটনার দিন বিকেলে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও ছলেমানের শ্বশুরকে জানালে ছলেমান ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে তাঁর বাড়িতে গিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন। বুধবার সন্ধ্যায় ছাত্রীটির অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার গভীর রাতে ক্ষুব্ধ এলাকাবাসী ছলেমানকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশের কাছে সোর্পদ করে। ছলেমান পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।গত বৃহস্পতিবার মানববন্ধন শেষে ঝমঝম হাওলাদারের সভাপতিত্বে নলচিড়া বন্দরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন করিম খান, মোসলেম উদ্দিন, আবদুর রব, আরিফ হোসেন প্রমুখ।