স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) আটকে রেখে গত শনিবার রাতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওই ছাত্রীর পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে রেখে তার মা প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে নামাজ পড়তে যান। এ সুযোগে গ্রামের পরিচিত এক তরুণ (২১) মেয়েটিকে বাড়ির বাইরে ডেকে নেন। এরপর কৌশলে বাড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরের একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করেন। পরদিন রোববার বিকেলে মেয়েটিকে ছেড়ে দিলে অসুস্থ অবস্থায় সে বাড়িতে ফিরে তার বাবা-মাকে ঘটনা খুলে বলে।
ওই মেয়ে পুলিশকে বলে, ওই তরুণ তাকে ভয়ভীতি দেখিয়ে মুখ বেঁধে রাতভর ধর্ষণ করেন।
মেয়েটির মা অভিযোগ করে বলেন, ওই তরুণ দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তের পক্ষ নিয়ে আপস-মিমাংসার চাপ দিচ্ছেন।
এ ব্যাপারে হারাগাছ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।