স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা গতকাল মঙ্গলবার টঙ্গী থানায় মামলা করেছেন।
ছাত্রীর পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, টঙ্গীর একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকে নবম শ্রেণির ওই স্কুলছাত্রী। ঢাকার একটি থানায় থাকাকালীন পুলিশের ওই কনস্টেবল টঙ্গীর বাড়িতে বেড়াতে আসেন। পরে তিনি ছুটির দিনগুলোতে ওই ছাত্রীর স্কুলে শিক্ষকতাও করেছেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি (কনস্টেবল) বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে (ছাত্রী) বিভিন্ন স্থানে ঘোরাতে নিয়ে যেতেন। তিনি স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণেরও চেষ্টা চালান। ব্যর্থ হয়ে ছাত্রীকে নানা ভয়ভীতি দেখান তিনি। পরে টঙ্গীর একটি আবাসিক হোটেলে নিয়ে ছাত্রীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন তিনি। সর্বশেষ গত ১৭ এপ্রিল বিয়ের কথা বলে বাসা থেকে ছাত্রীকে টঙ্গীর একটি হোটেলে নিয়ে যান তিনি। এ সময় ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়ের কথা বললে ছাত্রীকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যান তিনি। ওই দিন সন্ধ্যায় বাসায় ফিরে ছাত্রীটি পরিবারকে সবকিছু জানায়।
এ বিষয়ে ওই কনস্টেবলের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।