স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরাজদিখান থানায় মামলা করেছেন মেয়েটির বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার প্রথম আলোকে জানান, এসআই জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালই সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহারে বলা হয়েছে, এসআই জাহিদ স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ওই ছাত্রীদের বাসায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার ছাত্রীর মা-বাবা ঢাকায় যান। তাকে রেখে যান জাহিদের পরিবারের কাছে। রাতে ওই ছাত্রী জাহিদের শিশুকন্যার সঙ্গে ঘুমায়। কিন্তু গভীর রাতে জাহিদ অস্ত্র দেখিয়ে ছাত্রীটির মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করেন। পরে আবারও অস্ত্র দেখিয়ে ধর্ষণের ঘটনা কাউকে বলতে বারণ করেন।

ওই ছাত্রীর বাসায় সিরাজদিখান থানার এএসআই ইকবালও ভাড়া থাকেন। ইকবালের স্ত্রী গতকাল সকালে ওই ছাত্রীকে অসুস্থ ও বিমর্ষ হয়ে থাকতে দেখেন। কারণ জানতে চাইলে মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। সকালে স্কুলছাত্রীর বাবা-মা বাড়ি এলে এএসআইয়ের স্ত্রী ঘটনাটি তাঁদের জানান। এরপর মায়ের কাছে ঘটনা জানায় মেয়েটি।

গতকাল দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পুলিশ ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেছে। 

এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মেলায় এসআই জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়