স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
মাগুরার শ্রীপুর উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল রোববার স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে মানববন্ধন করে এ দাবি জানায়।দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই মানববন্ধন চলে। এতে শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। পরে তাঁরা ওই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১ অক্টোবর শ্রীপুর উপজেলা গোয়ালবাড়ী গ্রামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে দুই তরুণ মরিচের খেতে নিয়ে ধর্ষণ করেন। ওই দিন সন্ধ্যায় এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ২ অক্টোবর গোয়ালবাড়ী গ্রামের প্রোল্লাদ (২৬) ও মৃদুলের (২৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।