স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা তরুণ গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন এক তরুণ। এই অভিযোগে গতকাল শুক্রবার কুলাউড়া থানায় মামলা হলে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া সালেক আহমদের (২৪) বাড়ি বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামে। মামলার এজাহার ও শিক্ষার্থীর স্বজনদের সূত্রে জানা গেছে, মেয়েটির (১৩) বাড়ি কুলাউড়ার একটি গ্রামে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। ওই গ্রামে কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান সালেক। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যালয় ছুটির পর মেয়েটি হেঁটে বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে সালেক ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সালেক সটকে পড়েন। খবর পেয়ে স্বজনেরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় সালেককে আসামি করে গতকাল সকালে মামলা করেন মেয়েটির বাবা। পুলিশ বেলা ১১টার দিকে সালেককে গ্রেপ্তার করে।বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ বলেন, গ্রেপ্তারের পর সালেক আহমদ দাবি করেছেন, তিনি ধর্ষণের চেষ্টা করেননি।