স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ষষ্ঠ শ্রেণির (১১) এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং মুঠোফোনে এ ঘটনার ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের মো. জুয়েল সিকদার (২৪) ও একই ইউনিয়নের হায়দার আলী শেখ (৩৬)। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় হায়দার আলী আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ড পাওয়া আসামি জুয়েল পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ জুলাই সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় জুয়েল সিকদার তাঁর সহযোগী হায়দার আলী শেখকে নিয়ে ওই ছাত্রীকে সড়কের পাশের একটি বাগানে নিয়ে যান। এরপর জুয়েল তাঁকে ধর্ষণ করেন। হায়দার আলী মুঠোফোনের ক্যামেরায় এ ঘটনার ছবি ধারণ করেন। এরপর তাঁরা মেয়েটিকে এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। মেয়েটি ভয়ে এ ঘটনা কাউকে বলেনি। পরে জুয়েল ও হায়দার ওই ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১ আগস্ট মেয়েটির বাবা বাদী হয়ে জুয়েল সিকদারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ জুয়েল সিকদারকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জুয়েল জবানবন্দিতে বলেন, হায়দার আলী তাঁকে ধর্ষণে সহযোগিতা করেন এবং মুঠোফোনে ছবি তোলেন।