স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নোয়াখালীর চাটখিলে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. রাকিব হোসেন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাকিব হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাকিব চাটখিল উপজেলার দশানি-টবগা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১ জুলাই তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী স্কুল থেকে দুপুরে বাড়ি ফিরছিল। পথে দশানি-টবগা গ্রামের রাকিব হোসেন শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। এ ঘটনার পর ওই ছাত্রী অভিভাবকদের কাছে বখাটের নাম বলতে পারেনি। ঘটনার পর গা-ঢাকা দেন রাকিব এবং প্রায় এক মাসের বেশি সময় পর মাথা ন্যাড়া করে এলাকায় ফিরে আসেন। ওই বছরের ১২ আগস্ট সকালে একই গ্রামের ১১ নম্বর পোলের গোড়া এলাকায় একটি দোকানের সামনে রাকিব হোসেনকে দাঁড়ানো দেখে ওই ছাত্রী চেতনা হারিয়ে ফেলে। এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিনই চাটখিল থানায় রাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।