স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে রাতভর ধর্ষণের পর এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের ৬ নম্বর ওয়ার্ডের আলীর গলির কেরানিবাড়ির সামনের নর্দমা থেকে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে। নিহত সোনিয়া আক্তার (১৫) নগরের মমতাজ মজিদুন্নেছা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে আলীর গলির বারেক মিয়ার ভাড়াটে ও নগরের একটি আবাসিক হোটেলের কর্মচারী হারুন মিয়ার মেয়ে। তাদের বাড়ি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত স্কুলছাত্রী সোনিয়ার কথিত প্রেমিক রাশেদ ও তার বন্ধু শাহীনকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোনিয়াকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে। স্থানীয় এক গৃহবধূ জানান, গতকাল সকালে পানি ফেলতে গিয়ে তিনি নর্দমার ভেতর সোনিয়ার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন। সোনিয়ার নানি নার্গিস বেগম ও ফুপু ফরিদা বেগম বলেন, একই এলাকার মো. হাসানের ছেলে ও বাজার রোডের একটি মিষ্টির দোকানের কর্মচারী রাশেদের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাত নয়টার দিকে কাউকে কিছু না জানিয়ে সোনিয়া ঘর থেকে বের হয়ে যায়। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি মুঠোফোনে রাশেদকে একাধিকবার জানানো হলেও সে এড়িয়ে যায়। রাশেদ ও শাহীনের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান জানান, সোনিয়ার সঙ্গে প্রথমে রাশেদের প্রেমের সম্পর্ক ছিল। এরপর রাশেদের বন্ধু শাহীনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে শাহীনের কাছ থেকে বিভিন্ন সময়ে মুঠোফোনে রিচার্জ করাসহ নানা সুবিধা নিত। একপর্যায়ে বিষয়টি ফাঁস হয়ে গেলে তিনজনের মধ্যে সমঝোতা হয়। এ ঘটনার পর শাহীনকে বন্ধু ও রাশেদকে প্রেমিক হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় সোনিয়া। কিন্তু কিছুদিন না যেতেই রাশেদকে পাশ কাটিয়ে সোনিয়া অন্য এক ছেলের সঙ্গে সখ্য গড়ে তোলে। এতে ক্ষুব্ধ হয়ে রাশেদ ও শাহীন সোনিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।ওসি জানান, ময়নাতদন্তের জন্য সোনিয়ার লাশ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনিয়ার বাবা হারুন মিয়া বাদী হয়ে রাশেদ ও শাহীনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।