স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, লাশ নিয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শহরের যুগীর ঘোলা এলাকায় গতকাল সোমবার বিকেলে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে মানববন্ধন এবং লাশ নিয়ে মৌন মিছিল হয়েছে। নিহতের পরিবারের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের চাপে পুলিশ হত্যা মামলা নিচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন অভিযুক্তের পক্ষে দেওয়ার চেষ্টা করছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী মামলা নেওয়া হবে। এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, ভোলা পৌরসভার চরজংলা খালপাড়ের নিজ বাড়িতে গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর লাশ পাওয়া যায়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি ঘরের আড়ার সঙ্গে বাঁধা ছিল। ঘরের পেছনের বেড়া ছিল ভাঙা। মৃতদেহে নখের একাধিক আঁচড় দেখা যায়। ঘরটির চালা খুব নিচু হওয়ায় সেখানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যার কোনো সুযোগ নেই।মেয়েটির মা ও বাবা বলেন, তাঁরা একটি কলেজের হোস্টেলে বাবুর্চির কাজ করেন। রোববার সকাল থেকে তাঁরা বাইরে ছিলেন। ঘরে ফিরে মেয়ের লাশ পান। তাঁদের অভিযোগ, প্রতিবেশী বখাটে রফিকুল ইসলাম বেড়া ভেঙে ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ ও হত্যা করে। ঘটনার পর থেকে রফিক পলাতক। নিহতের পরিবারের অভিযোগ, বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে রফিক প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিস হলে রফিক মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রফিক আগে দুবার বিয়ে করায় তাঁরা এ বিয়েতে রাজি হননি। এতে রফিক ক্ষিপ্ত হয়। ধর্ষণ ও হত্যার অভিযোগে রফিকের বিরুদ্ধে মামলা দিতে গেলে মেয়েটির বাবাকে পুলিশ থানা থেকে বের করে দেয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন বলেন, রফিকের সঙ্গে মেয়েটির প্রেম ছিল। এ নিয়েই সালিস হয়েছিল। ভোলা থানার ওসি সোহরাব আলী বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। তাই অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।