স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার সাদিপুর গ্রামের পারভীন আক্তার মামলার এজাহারে জানিয়েছেন, তাঁর মেয়ে দোলন আক্তার স্থানীয় সাদিপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আবু বকর, আল আমিন ও সুমন মিয়া নামের তিন বখাটে দোলনকে উত্ত্যক্ত করত। বিষয়টি স্থানীয় মাতবরদের জানালে দুই-তিন দফায় বিচার-সালিস হয়। সালিসের পর থেকে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে বিভিন্ন হুমকি দিত। পারভীন আক্তার অভিযোগ করেন, গতকাল সকালে ভিক্ষা করার জন্য তিনি বাড়ি থেকে বের হন। বখাটেরা বাড়িতে দোলনকে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের ভেতরে ফেলে পালিয়ে যায়।খবর পেয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জিয়াউল আহসান ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি ইউনুস আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোলনের মা পারভীন আক্তার আবু বকর, আল আমিন ও সুমন মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।