স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত, অবরোধ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর কে কে একাডেমি ও কলেজের এক ছাত্রী গতকাল বুধবার সকালে কলেজে আসার পথে উজ্জ্বল মিয়া (২৬) নামের এক বখাটে যুবক তাকে ছুরিকাঘাত করেছে। গুরুতর অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পথে বখাটে উজ্জ্বল মেয়েটিকে উত্ত্যক্ত করেন। ছাত্রীটি এ ঘটনা তার অভিভাবককে জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন উজ্জ্বল। গতকাল সকাল সোয়া সাতটার দিকে মেয়েটি বিদ্যালয়ে আসার পথে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন উজ্জ্বল।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মেয়েটির ওপর এ হামলার খবর ছড়িয়ে পড়লে কলেজের সহস্রাধিক শিক্ষার্থী বখাটে যুবক ও তাঁর আত্মীয়দের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে ছয়টি বাড়ি ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-মুরাদনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।কলেজের অধ্যক্ষ আবদুল হক পাটোয়ারী বলেন, উজ্জ্বল বখাটে ও মাদকাসক্ত মাস্তান হিসেবে এলাকায় পরিচিত। তাঁকে আগেও বখাটেপনার জন্য সতর্ক করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশকে লিখিত অনুরোধ জানানো হয়েছে।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হামলাকারী পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।