স্কুলছাত্রীকে বিয়ে দিতে প্রকৃত বয়সের হলফনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণীর ছাত্রীর বিয়ের সব প্রস্তুতি ঠিকঠাক। বর মধ্যপ্রাচ্যপ্রবাসী। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি ও সংবাদকর্মী কনের বাড়িতে গিয়ে হাজির হন। তাঁরা বিয়ে বন্ধ করতে কনের বাবাকে বোঝান। একপর্যায়ে কনের বাবা তাঁর মেয়ের ‘প্রকৃত বয়স’র একটি ‘হলফনামা’ তাঁদের কাছে ধরেন। হলফনামা অনুযায়ী মেয়ের বয়স ১৯ বছর দুই মাস ২৮ দিন। কনের বাবা বিয়ের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানালে বিপাকে পড়েন তাঁরা। গতকাল রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, জাঙ্গিরাই গ্রামের ওই মেয়েটি স্থানীয় মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে। তাঁর সঙ্গে পাশের নয়াগ্রামের তোতা মিয়ার ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী শাহ আলমের (২৭) বিয়ে ঠিকঠাক হয়। কিন্তু বিদ্যালয়ের নথিপত্র ও জন্মনিবন্ধন সনদে মেয়েটির জন্মতারিখ ২৫ ফেব্রুয়ারি ১৯৯৫ বলে উল্লেখ আছে। সেই হিসাবে মেয়েটির বয়স ১৫ বছর দুই মাস ২৮ দিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, বাল্যবিবাহের খবর পেয়ে গতকাল দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়েকজন সংবাদকর্মীকে নিয়ে তিনি কনের বাড়িতে যান। এ সময় বাল্যবিবাহের কুফল ও আইনগত বিষয় তুলে ধরে সেটি বন্ধ রাখতে কনের বাবা এবং বিয়ে নিবন্ধককে তাঁরা অনুরোধ করেন। কিন্তু কনের বাবা কিছুতেই রাজি হননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাঁরা বিষয়টি জানান।জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘কয়েক দিন আগে কনের বাবা তাঁর মেয়ের বয়স বাড়িয়ে নতুন করে আরেকটি জন্মনিবন্ধন সনদ দিতে তাঁকে অনুরোধ করলে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’কনের বাবা (৪০) বিষয়টি স্বীকার করে জানান, ভুলে বিদ্যালয়ের নথিপত্র ও জন্মনিবন্ধন সনদে তাঁর মেয়ের বয়স কম উল্লেখ হয়েছে। গত বৃহস্পতিবার তিনি মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিম এস এম হুমায়ূন কবীরের আদালতে হাজির হয়ে তাঁর মেয়ের প্রকৃত জন্মতারিখ ২৫ ফেব্রুয়ারি ১৯৯১ উল্লেখ করে হলফনামা করেন। ইউএনও মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে মেয়ের বাবা হলফনামা করেছেন শুনেছি। তবে সরকারের কঠোর নির্দেশনা থাকায় বিয়েটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়।’জুড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন জানান, ইউএনওর নির্দেশ পেয়ে গতকাল বিকেলে তিনি ঘটনাস্থলে যান। কনেপক্ষকে বোঝালে তাঁরা মেয়ের বিয়ে দেবেন না বলে তাঁকে আশ্বস্ত করেন।