স্কুলছাত্রীকে মারধর করায় শিক্ষক বরখাস্ত
এক ছাত্রীকে মারধরের অভিযোগে চট্টগ্রাম নগরের পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মানছারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।ছাত্রীর অভিভাবকের লিখিত অভিযোগ থেকে জানা যায়, ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নাজেহাল করতেন সহকারী শিক্ষক মানছারুল ইসলাম। তিনি বাণিজ্য বিভাগের শিক্ষক। তাঁর কাছে প্রাইভেট না পড়ে অন্য এক শিক্ষকের কাছে পড়ে বলেই ছাত্রীটিকে মারধর করতেন তিনি। সর্বশেষ গত শনিবার ওই ছাত্রীকে মারধর করেন মানছারুল ইসলাম। ওই দিন বিকেলে প্রধান শিক্ষকের কাছে ছাত্রীর অভিভাবক এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। এর পরই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে শিক্ষক মানছারুল ইসলাম বলেছেন, প্রাইভেট না পড়ার জন্য নয়, বরং ময়লা কাপড় পরে স্কুলে আসায় তাকে সামান্য মারধর করা হয়।শিক্ষক মানছারুল ইসলামকে আগামী ৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে সিটি করপোরেশনের ওপর রুল জারি করা হয়েছে।