স্কুলছাত্রীকে মারধরকারীর দণ্ড, বাদীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মারধর করার পর তাকে পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল হক (২০) নামের এক বখাটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রোববার বগুড়ার ধুনট উপজেলায়। এ ঘটনায় অভিযুক্ত এনামুল হককে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
অন্যদিকে ওই ছাত্রী মুঠোফোনে এনামুলের সহপাঠীদের বিরক্ত করার দায়ে একই আদালত ছাত্রীটির পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
তবে মেয়েটির পরিবারের অভিযোগ, ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আসামির পক্ষ অবলম্বন করে ভ্রাম্যমাণ আদালতকে ভুল তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী এলাকার ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে গোসাইবাড়ী পূর্বপাড়ার এনামুল হক প্রেমের প্রস্তাব দেন। ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এনামুল ক্ষুব্ধ হন। গত রোববার বিকেল চারটার দিকে বিদ্যালয় ছুটির পর মেয়েটি বাড়িতে যাওয়ার পথে গোসাইবাড়ী বাজারের মাছহাটি এলাকায় এনামুল তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে তুলে নিয়ে বাজারের পাশেই খালের পানিতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় মেয়েটির বাবা গতকাল সোমবার থানায় এনামুলের বিরুদ্ধে লিখিত দেন। পুলিশ এনামুলকে তাঁর বাড়ি থেকে আটক করে।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এনামুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুহাম্মাদ ইব্রাহীম শুনানি শেষে এনামুলকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে মেয়েটি মুঠোফোনে এনামুল হকের একাধিক সহপাঠীকে বিরক্ত করার দায়ে মেয়েটির পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। স্কুলছাত্রী নিজেই আদালতের কাছে ছেলেদের বিরক্ত করার কথা স্বীকার করায় আদালত জরিমানা করেছেন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি এনামুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।