স্কুলছাত্রীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করায় গ্রেপ্তার ১
রাজশাহীর বাগমারা উপজেলায় স্কুলছাত্রী খাদিজা আক্তারকে (১৪) মোটরসাইকেল চাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি তোফায়েল আহম্মেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে আরেক আসামি আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুস সোবহানের গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এসআই আবদুল গনি বলেন, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ইসমাইলপুর গ্রামের মোড় থেকে বখাটে তোফায়েলকে গ্রেপ্তার করে। পরে গতকাল রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে আরেক বখাটে গণিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আবদুস সোবহানের গাড়ির চালক নয়ন ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্কুলছাত্রীর চাচা বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ মামলাটি তালিকাভুক্ত করে। আহত স্কুলছাত্রীকে গতকাল বাড়িতে আনা হয়েছে। সেখানে মামলার তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি গ্রহণ করেন।