স্কুলছাত্রীকে যৌন হয়রানি, প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার
ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে এক স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক প্রাইভেট শিক্ষকের (২৬) বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তরিকুজ্জামান প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। পড়ানোর ফাঁকে ফাঁকে ওই শিক্ষক ছাত্রীটিকে যৌন হয়রানি করতেন। এ দৃশ্য তিনি মুঠোফোনে ধারণ করতেন। পরে ওই ভিডিওচিত্র বন্ধুদের দেখিয়ে মজা করতেন। বিষয়টি জানাজানি হয়। গতকাল ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, গ্রেপ্তার করা ওই আসামিকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।