স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার আদালত তাঁকে এই দণ্ডাদেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুন উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করেন ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানায়। বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আখতারের কাছে লিখিত অভিযোগ করেন। সন্ধ্যায় পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। রাত ১১টার দিকে তাঁকে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়। এখানে আদালত বসিয়ে ইউএনও ওই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।শাহীন আখতার বলেন, অভিযোগ স্বীকার করায় ওই শিক্ষককে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সওগাতুল আলম জানান, ওই শিক্ষককে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।