স্কুলছাত্রীকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের কানাইঘাটে স্কুলছাত্রী সাফিয়া বেগম হত্যার ঘটনার আলোচিত মামলায় ছয় ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হক খান এ রায় দেন। দণ্ড পাওয়া ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ড পাওয়া আসামিরা হচ্ছেন কানাইঘাট উপজেলার নুনছড়া পশ্চিম গ্রামের নুরুল হক, খলিলুর রহমান, বাউরভাগ গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে মিছবাহ, মঞ্জুর আলম ওরফে মঞ্জুর, কালিনগরের জিয়া উদ্দিন ওরফে জিয়া ও আগফৌদ গ্রামের জয়নাল আবেদীন ওরফে জয়নাল। এর মধ্যে মিছবাহ ও জিয়া পলাতক। বাকি চারজন কারাবন্দী। অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, কানাইঘাটের বাউরভাগের মাহমদ আলীর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সাফিয়া বেগমকে (১৫) পাশের বাড়ির মিজবাহ বিয়ের প্রস্তাব দেন। মেয়ে স্কুলপড়ুয়া ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সাফিয়ার পরিবার বিয়ের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ২০০০ সালের ২৩ জুন রাতে মিছবাহ তাঁর লোকজন নিয়ে সাফিয়ার বাড়িতে হানা দেন। একপর্যায়ে তাঁরা সাফিয়াকে অপহরণ করে পাশের কালিনগর গ্রামের সামারটিলায় নিয়ে যান। সেখানে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে সাফিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরদিন বিকেলে ওই স্থানে রাখাল বালকেরা সাফিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় কানাইঘাট থানায় সাফিয়ার বড় ভাই আফতাব উদ্দিন সাতজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ ওই বছরের ১০ নভেম্বর তদন্ত শেষে মোট ১০ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে।