স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
গাজীপুরে স্কুলছাত্রী কবিতা দাসকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৫)। বাড়ি কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামে।
গাজীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. হারিছ উদ্দিন আহমেদ জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্থানীয় বিজয় সরণি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে (১৪) স্কুল ফটকের সামনে ছুরিকাঘাত করেন বিক্রম সরকার। কবিতা সেদিন টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল।
গুরুতর আহত কবিতাকে সহপাঠী ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই কবিতার বাবা সাগর মনি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বিক্রম সরকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলায় বিক্রম সরকারকে দোষী সাব্যস্ত করে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন ফজলুল হক।