নোয়াখালীর সোনাইমুড়ী পৌর-সভার বিজয়নগর এলাকার নাজমা আক্তার নামের এক স্কুলছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সুজন (২০) নামের এক বখাটের উত্ত্যক্তের মুখে অতিষ্ঠ হয়ে সে কীটনাশক পান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাজমা বিজয়নগর এলাকার আবুল হাসেমের মেয়ে এবং সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত। সুজনের বাড়িও একই এলাকায়।নাজমার বড় ভাই মো. হানিফ বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে সুজন প্রায়ই নাজমাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে বাড়িতে কান্নাকাটি করত নাজমা। এ অবস্থায় নিরুপায় হয়ে তাঁর মা-বাবা প্রায় দুই সপ্তাহ আগে নাজমার স্কুলে যাওয়া বন্ধ করে দেন। গত সোমবার থেকে সে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিনও নাজমাকে উত্ত্যক্ত করে সুজন। গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে সুজন নাজমাকে আবারও উত্ত্যক্ত করলে সে রাগে-ক্ষোভে ওই বখাটের সামনেই কীটনাশক পান করে। এ সময় সুজনসহ আরও কয়েকজন নাজমাকে সোনাইমুড়ী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর নাজমা মারা যায়। মো. হানিফ জানান, তাঁরা এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে রাত সাড়ে সাতটার দিকে নাজমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নাজমার মা রেজিয়া বেগম বলেন, দুই বছর ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিল সুজন। সুজনের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।সুজনের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানায়, নাজমার মৃত্যুর খবর শোনার পর সুজনের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। থানায় না জানালে তো আমার কিছু করার নেই।’নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী বলেন, ‘আমি বিষয়টি দেখছি।’