স্কুলছাত্রীর আত্মহত্যা, ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর আদাবরে মেহেক আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বনানীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) খুরশীদ আলম বলেন, বিধবা মাকসুদা আক্তার তাঁর দুই মেয়ে নিয়ে শেখেরটেকের একটি বাড়িতে থাকতেন। মেহেক আক্তার তাঁর মেয়ে। গতকাল সকালে মেহেক শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
বনানীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পর্যন্ত যুবকটির পরিচয় জানা যায়নি।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, গতকাল ভোরে বনানী রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হন। তাঁর পরনে ছিল কালো প্যান্ট। সকাল সোয়া নয়টার দিকে যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।