স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নারায়ণগঞ্জে নকল করার অভিযোগে বহিষ্কৃত স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এদিকে এ ঘটনায় গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত ও আরেক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল শনিবার প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় প্রকাশিত ‘পরীক্ষা থেকে বহিষ্কৃত স্কুলছাত্রীর আত্মহত্যা’ শিরোনামের প্রতিবেদন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়। পরে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনকে এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞাকে এই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
গতকাল বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী নগর ভবনের পেছনে ছোট ভগবানগঞ্জ এলাকায় ওই ছাত্রীর ভাড়াবাড়ি পরিদর্শন করেন।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে ইউএনও আফরোজা আক্তার প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি নিহত ছাত্রী উম্মে হাবিবাদের ভাড়াবাড়িতে যান। এ সময় হাবিবাদের ঘর তালাবদ্ধ দেখতে পান। স্কুলছাত্রীর লাশ দাফনের জন্য তার বাবা-মা গ্রামের বাড়ি নোয়াখালী গেছেন।