স্কুলছাত্রীর আত্মহননের ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা
পরীক্ষায় নকল করার অভিযোগে বহিষ্কার ও ভর্ৎসনা করায় নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা শ্রাবণীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শ্রাবণীর বাবা মো. হাবিবুল্লাহ বাদী হয়ে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল মিয়ার ভাষ্য, মামলা দায়ের করায় ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় অভিযুক্তরা হলেন- শহরের আল্লামা ইকবাল রোড এলাকার শহিদুল হকের স্ত্রী গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার ও শহরের নয়াপাড়া এলাকার শামসুল হকের ছেলে ওই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক কামরুল হাসান মুন্না।
এজাহারে বলা হয়েছে, স্কুলের ওই দুই শিক্ষকের অশোভনীয় আচরণ সহ্য করতে না পেরে শ্রাবণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত বৃহস্পতিবার বাসা থেকে ওড়না প্যাঁচানো অবস্থায় শ্রাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর পর বাসায় তাঁর হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়।
ওই চিরকুট ও উম্মে হাবিবার পরিবারের বক্তব্য অনুযায়ী, গত বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা দিতে যায় উম্মে হাবিবা। পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে শিক্ষক নাসরিন আক্তার তাকে ভর্ৎসনা করেন। আরেক শিক্ষক কামরুল হাসান তাকে চড় থাপ্পড় মারেন। পরে তাকে বহিষ্কার করা হয়। এ অপমান সইতে না পেরে উম্মে হাবিবা বাসায় ফিরে আত্মহত্যা করে।
আত্মহত্যার ঘটনায় সংবাদ প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়। তাঁরা তদন্ত করে অভিযোগের সত্যতা পান। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ঘটনাটি তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন। ওই কমিটি শ্রাবণীর পরিবার, অভিযুক্ত স্কুলের শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সবার বক্তব্য রেকর্ড করেন।