স্কুলছাত্রীর আপত্তিকর ছবি মুঠোফোনে প্রচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা করে স্কুলছাত্রীকে একটি প্রাইভেট কারে ওঠানো হয়। ওই গাড়িতে আগে থেকে বসা একটি ছেলে ছাত্রীটিকে উত্ত্যক্ত করে। দৃশ্যটি মুঠোফোনের ক্যামেরায় কৌশলে ধারণ করা হয়। আর এখন সেটা স্কুল-কলেজপড়ুয়া ছাত্রসহ বিভিন্ন বয়সী লোকজনের মধ্যে মুঠোফোনের মাধ্যমে আদান-প্রদান হচ্ছে।ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রীটি (১৫) একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ছে। আর ছেলেটির নাম মুন্না (১৭)। তার বাড়ি উপজেলা সদরের ভবানীপুর গ্রামে। তার বাবা বদরুল আলম ওরফে বলাই সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।স্কুলছাত্রীর ভাষ্যমতে, মুন্নার এক চাচাতো বোন একই শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণীতে পড়ে। বছর খানেক আগে ওই বোনের মাধ্যমে মুন্না তার (ছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে। গত পয়লা বৈশাখ শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আসার পর মুন্নার চাচাতো বোন বেড়ানোর কথা বলে তাকে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেট কারে ওঠে। গাড়িতে তারা দুজনসহ অজ্ঞাত চালক ও মুন্না ছিল। কিছু দূর যাওয়ার পর মুন্না চাচাতো বোনকে সরিয়ে ছাত্রীটির পাশে এসে বসে গল্পগুজব শুরু করে। একপর্যায়ে বাধা দিলেও সে ছাত্রীটিকে উত্ত্যক্ত করে। প্রায় আধা ঘণ্টা পর ছাত্রীটিকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে মুন্নাসহ অন্যরা চলে যায়।ছাত্রীটি কেঁদে কেঁদে বলে, ‘আমি প্রথমে বুঝতাম পারছি না। সরল বিশ্বাসে গাড়িত উঠছি। পরিকল্পনা করি তার (মুন্না) বোনটারে দিয়া মোবাইলে ছবি তুলাইছে। ডরে (ভয়ে) ইশকুলর স্যার আর বাড়ির কেউরে ঘটনাটা জানাইছি না।’ ছাত্রীটির মা জানান, সাত-আট দিন আগে মুন্না মুঠোফোনে তাঁকে শাসিয়ে বলে, ‘তোমার পুড়ি (ছাত্রী) তো আমার সঙ্গে সম্পর্ক করতে চায় না। অসুবিধা নাই। কাইল (পরদিন) মার্কেটে ছবি ছাড়তেছি। পুড়িরে আমার হাতেই তুলি দিতে অইব।’ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, ঘটনার পর থেকে মুন্নার চাচাতো বোন বিদ্যালয়ে আসছে না। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গতকাল সোমবার বিকেলে বলেন, ‘ছেলেটি (মুন্না) বখাটে প্রকৃতির। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘ছেলেটির বাড়িতে কাল (রোববার) পুলিশ পাঠিয়েছিলাম। তাকে পাওয়া যায়নি। তবে তার শাস্তি নিশ্চিত করা হবে।’ একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মুন্না ও তার বাবার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। মুন্নার চাচা শামীম আহমদ দাবি করেন, তাঁর মেয়ে এ কাজে জড়িত নয়।