স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ!
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ত্রের মুখে এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি তোলা ও ভিডিওচিত্র ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের একটি বাসভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা যৌন হয়রানির অভিযোগে বুধবার রাতেই বাগমারা থানায় মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মিরপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী বাগমারা উপজেলা পরিষদের একটি সরকারি বাসভবনে তার মামার কাছে থেকে ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার সকালে ওই ছাত্রীর মামা ও মামি বাড়িতে ছিলেন না। ওই সময় ওই বাসায় শুধু ওই ছাত্রী ও তার কমবয়সী (৫-৮ বছর) দুই মামাতো বোন ছিল। এ সুযোগে উপজেলার খাঁপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মানিক ও তার দুই বন্ধু ওই বাসায় ঢোকে। এ সময় বখাটেরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোনে তার আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র ধারণ করে। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের বাসার লোকজন এগিয়ে এলে বখাটেরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে একটি ছুরি উদ্ধার করে নিয়ে আসে।ওই ছাত্রীর মামা অভিযোগ করে বলেন, তাঁর ভাগ্নিকে বখাটে মানিক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছে। মানিক তাঁর ভাগ্নিকে বিয়ের প্রস্তাবও দিয়ে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়েছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছবি তোলা হয়েছে। মানিকের বাবা মহিউদ্দিন দাবি করে বলেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর ছেলে মানিকের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বাসায় মামা ও মামি না থাকায় ওই ছাত্রী মানিককে বাসায় ডেকে পাঠায়। তবে ওই ছাত্রী মানিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বুধবার রাতে মানিক ও অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।