স্কুলছাত্রীর খুনিদের বিচারের দাবি
নাটোরের বড়াইগ্রামের উপলশহরে স্কুলছাত্রী মাহমুদা আকতার মুন্নীর (৭) খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত শিশুটির শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসী। গত মঙ্গলবার দুপুরে উপলশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মুন্নী উপলশহর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের লোকমান সরকারের মেয়ে।
মানববন্ধনে মুন্নীর খুনি তার আপন চাচাতো ভাই সোহেল রানার ফাঁসির দাবি করে এলাকাবাসী। এ সময় অন্যান্যের মধ্যে উপলশহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপলশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, স্থানীয় কাউন্সিলর নুর ইসলাম সিদ্দিকী বক্তব্য দেন। এক ঘণ্টার বেশি সময় ধরে মানববন্ধন চলে।
গত ২১ অক্টোবর ভোরে বাড়ির পাশের ধানের খেতে মুন্নির লাশ পাওয়া যায়। আগের দিন সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। তার গলায় থাকা সোনার চেন ও কানের দুল ছিঁড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত রোববার মুন্নীর চাচাতো ভাই সোহেল রানাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছেন, গ্রেপ্তারের পর সোহেল শিশু মুন্নীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।