স্কুলছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া এলাকায় শারমিন নামের এক স্কুলছাত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেলে গোমতী নদীর তীর থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ঝাকুনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শারমিন (৯) গতকাল শুক্রবার সকালে গোমতী নদীর তীরে ঘাস কাটতে যায়। সকাল গড়িয়ে দুপুরেও সে বাড়ি না ফেরায় স্বজনেরা তার খোঁজে বের হন। দুপুরে স্থানীয় কালাপীর বাবা মাজারসংলগ্ন গোমতী নদীর তীরে শারমিনের গলা কাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ধারণা করা হচ্ছে, ঘাস কাটতে গেলে বখাটেরা শিশু শারমিনকে ধর্ষণ করে এবং শারমিন তাদের চিনে ফেলায় ঘাস কাটার কাঁচি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়ে থাকতে পারে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। হত্যার আগে ওই স্কুলছাত্রীকে দুর্বৃত্তরা ধর্ষণ করেছে কি না, তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনপূর্বক জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ সক্রিয় রয়েছে।