স্কুলছাত্রীর গায়ে তরলজাতীয় পদার্থ নিক্ষেপ, ফোসকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামে গতকাল সোমবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর গায়ে বখাটেরা এক ধরনের তরল পদার্থ নিক্ষেপ করেছে। এতে ওই ছাত্রীর গায়ে ফোসকা পড়ে যায়।
এলাকাবাসী ও ওই ছাত্রীর পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, ওই ছাত্রী বেলা ১১টার দিকে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে একই গ্রামের আবু হানিফ (১৮) ও আবদুস সেলিম (১৭) তার ওপর একটি বোতল থেকে তরল পদার্থ ছুড়ে পালিয়ে যায়। এতে ওই ছাত্রীর গায়ে বেশ কয়েকটি ফোসকা পড়ে। মেয়েটির বাবা একজন পল্লি চিকিৎসক। তিনি তাঁর মেয়ের চিকিৎসা দেন। এটা কী ধরনের তরল পদার্থ, তা নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ, হানিফ ও সেলিম বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।
এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হানিফের এক আত্মীয় প্রথম আলোকে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আজ মঙ্গলবার সালিসের কথা রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।