স্কুলছাত্রীর চোখে ‘এসিড’ ছুড়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর দুই চোখে এসিড(?) ছুড়ে মেরেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, চোখে ছুড়ে দেওয়া পদার্থটি এসিড নয়, অন্য কিছু। তবে কর্তব্যরত চিকিৎসক ২৪ ঘণ্টা পরে এ ব্যাপারে মতামত দিতে চেয়েছেন। আহত ছাত্রীর নাম সানজিদা ইসলাম। সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম তরিকুল আলম। বাড়ি নগরের নওদাপাড়া এলাকায়। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জানান, বেলা ১১টায় অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষা ছিল। ১০টা ৫০ মিনিটের দিকে সানজিদা কমন রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে দোতলা থেকে চার তলার দিকে যাচ্ছিল। এ সময় সিঁড়ির মধ্যে দুই যুবক তার চোখে বোতল থেকে এসিড ছুড়ে মারে। মেয়েটির চিৎকারে সবাই দৌড়ে গেলে যুবকেরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়। মেয়েটির বরাত দিয়ে অধ্যক্ষ বলেন, দুই যুবকের পরনে জিন্সের প্যান্ট ছিল আর গায়ে মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মতো জামা ছিল। দেখলে সে ওই যুবককে চিনতে পারবে বলে জানিয়েছে। মেয়েটির বাবা জানান, সকাল ১০টা ২০ মিনিটের সময় তিনি মেয়েকে মোটরসাইকেলে করে কলেজ ক্যাম্পাসের ভেতরে নামিয়ে দিয়ে আসেন। এর কিছুক্ষণ পরেই কলেজ থেকে তাঁর বাসায় ফোন করা হয়। বাসা থেকে আবার তাঁকে জানানো হয় যে তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে এসে দেখেন ২৫ নম্বর ওয়ার্ডের কেবিনে মেয়েকে ভর্তি করা হয়েছে। তার দুই চোখে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে। বারবার ব্যান্ডেজ খুলে দিতে বলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তানজিলা আলম বলেন, মেয়েটির চিকিৎসা চলছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থা সম্পর্কে বলতে পারবেন। ছুড়ে দেওয়া পদার্থ কি এসিড, না অন্য কিছু জানতে চাইলেও তানজিলা আলম ২৪ ঘণ্টা পরেই কথা বলতে চেয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল আবদুস ছবুর মিঞা বলেন, তিনি বাইরে রয়েছেন কিন্তু এই রোগীর ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সত্যিই যদি মেয়েটি এসিডদগ্ধ হয়, তাহলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সব ধরনের সহযোগিতা দিতে বলেছেন।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছেন, এটা এসিড নয়। অন্য কোনো পদার্থ হতে পারে। এতে শুধু চোখ জ্বালা করছে। চিকিৎসকেরা তার চোখ ধুয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। এ ব্যাপারে মামলা করতে চাইলে মেয়েটির অভিভাবকদের তিনি থানায় আসতে বলেছেন।