স্কুলছাত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেওয়াসহ অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে গোলাপগঞ্জ থানায় মামলা করেন স্কুলছাত্রীর বাবা। পুলিশ রাতেই মুজাহিদ আহমদ (২৪) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী প্রথম আলোকে জানান, স্কুলছাত্রীর বাবার করা একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা নেওয়া হয়। ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকার ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই এলাকার মুজাহিদ আহমদ। ছাত্রীর বাবা গত ১৮ জুলাই গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে গোলাপগঞ্জ পৗরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নেন। এ জন্য তিনি ছাত্রীর পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেন।ছাত্রীর বাবা অভিযোগ করেন, কাউন্সিলর নিষ্পত্তি করার নামে বখাটে মুজাহিদের পক্ষ নিয়ে বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের প্রস্তাব দেন। এ প্রস্তাব না মানায় কাউন্সিলর পারিবারিকভাবে চাপ দিয়ে একপর্যায়ে মেয়েকে বাসা থেকে তুলে নেওয়ারও হুমকি দেন। এ অবস্থায় মেয়ের একটি পারিবারিক ছবি বিকৃত করে সেটির সঙ্গে মুজাহিদের ছবি যুক্ত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনা তিনি (ছাত্রীর বাবা) গোলাপগঞ্জ থানায় জানান। পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে শনিবার রাতে সাধারণ ডায়েরির অভিযোগকে মামলায় রূপান্তর করে দুটো ধারায় মামলা নথিভুক্ত করে। শনিবার রাতেই মামলার আসামি মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। মুজাহিদকে গ্রেপ্তারের প্রতিবাদে কাউন্সিলর রুহিনের নেতৃত্বে গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়কের একাংশ অবরোধ করে রাখে কিছু লোক। রাত প্রায় সাড়ে ১২টায় গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়। ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, এক আসামি গ্রেপ্তার হওয়ায় ওয়ার্ড কাউন্সিলর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ তখন কাউন্সিলরসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালালে তাঁরা পালিয়ে যান। মুঠোফোনে যোগাযোগ করলে ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খান দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে এবং এর প্রতিবাদে জনগণ রাতেই সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। রুহিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমার ওয়ার্ডের হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে আমি নিষ্পত্তি করার জন্য ওই পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেছিলাম। এতে আমার প্রতিপক্ষ তৎপর হয়ে আমাকে বখাটেপনার সঙ্গে সম্পৃক্ত করতে মামলায় ফাঁসিয়েছে। আমি কোনোভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নই। মামলায় শুধু আমি একা নই—আমার এক পঙ্গু ভাইকেও আসামি করা হয়েছে।’ তবে এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে কাউন্সিলরসহ অন্য আসামিদের সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে।