স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা তদন্তে নেমেছে শিক্ষা বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানা রিমুর (১৩) অপমৃত্যুর ঘটনা তদন্তে এবার উদ্যোগ নিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল বুধবার দুই সদস্যের তদন্ত দল সরেজমিনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করে।
বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সমীর কুমার কুণ্ডু ও সহপরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল হোসেন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তদন্তের কাজ করেন। এ সময় তাঁরা সুরাইয়ার সহপাঠী, অভিভাবক, প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষক এবং স্থানীয়ভাবে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুরাইয়ার অপমৃত্যু নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই তদন্তের উদ্যোগ নিয়েছে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য তদন্ত কমিটি গতকাল নিজেদের মধ্যে প্রথম বৈঠক করেছে। কমিটির সদস্য হিসেবে বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আসগর আলী, অভিভাবক মিলনুজ্জামান ও জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন। মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বুধবার ছাত্রী ও শিক্ষকদের বক্তব্য নিয়েছেন, গত বৃহস্পতিবার অভিভাবকদের বক্তব্য নেবেন।
দুপুর ১২টায় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তাঁরা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এরপর তাঁরা (কমিটির সদস্যরা) সুরাইয়ার অপমৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও বিচারের দাবিতে সহপাঠীদের গড়া ‘জাস্টিস ফর রিমু’র সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কমিটির বাইরে থাকা আরও পাঁচজন ছাত্রীর সঙ্গেও কথা বলে কমিটি।
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে কথা হয় সুরাইয়ার সহপাঠীদের সঙ্গে। এ সময় তারা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও ছাত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রীদের অভিযোগ, সুরাইয়ার অপমৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের রক্ষা করতেই বিদ্যালয়ের কিছু শিক্ষক কয়েকজন ছাত্রীকে নিয়ন্ত্রণে নিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা করছেন।
গত শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ার বাড়িতে নিজ কক্ষে ওড়নায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানা। সুরাইয়ার অপমৃত্যুর পেছনে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে রোববার বিদ্যালয়ের ছাত্রীরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে। এসব ঘটনা নিয়ে প্রথম আলোয় গত সোমবার ‘চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, শিক্ষার্থীদের সড়ক অবরোধ’ এবং মঙ্গলবার ‘স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু’ শীর্ষক খবর প্রকাশিত হয়েছে।