স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সুরাইয়া সুলতানা রিমুর (১৩) অপমৃত্যুর রহস্য উদ্ঘাটনে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে কমিটির সদস্যরা গতকাল সোমবার থেকেই তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেন।
মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে সদস্যরা আলাদাভাবে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন। এরপর সবার তথ্য সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
গতকাল দুপুরে সুরাইয়াদের বাড়িতে গেলে শোকাবহ পরিবেশ চোখে পড়ে। একমাত্র সন্তান হারিয়ে শরিফুল ইসলাম ও হোসনে আরা দম্পতি অনেকটাই নির্বাক। গতকালের পরীক্ষা শেষে সহপাঠীরা সুরাইয়াদের বাড়িতে যায়। তারা সুরাইয়ার মাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই অঝোরে কাঁদতে থাকে।
এদিকে সুরাইয়ার অপমৃত্যুর ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত ও বিচারের দাবিতে সহপাঠীদের গড়া প্ল্যাটফর্ম ‘জাস্টিস ফর রিমু’র সদস্যরা তদন্ত কমিটির বাইরে নিজেদের মতো করে অনুসন্ধান শুরু করেছে। এই প্ল্যাটফর্মের সদস্যরা জানায়, তদন্তে কোনো গড়িমসি হলে তা মেনে নেওয়া হবে না। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ‘জাস্টিস ফর রিমু’র ব্যানারে লাগাতার আন্দোলন চলবে।
গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায়। সুরাইয়া শনিবার বিদ্যালয়ের ১ নম্বর কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয়। একই কক্ষে পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে, সিলেবাসের বাইরে থেকে গণিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করায় ছাত্রীরা উত্তর দিতে না পারায় প্রায় সবার মন খারাপ ছিল। ওই দিন শিক্ষক আতিয়ার রহমান ও ওয়াহিদা পারভিন কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালে ওয়াহিদা পারভিন মুঠোফোনে বাইরে কথা বলছিলেন। ওই সময় সুরাইয়া প্রশ্ন বুঝে নিতে এক সহপাঠীর সহযোগিতা চাইলে শিক্ষক ওয়াহিদা তাকে (সুরাইয়া) অন্তত পাঁচ মিনিট দাঁড় করিয়ে রাখেন এবং বাজে মন্তব্য করেন। এতে সে মানসিক আঘাত পায় এবং লেখার আগ্রহ হারিয়ে ফেলে। ছাত্রীরা দাবি করে, ওই কক্ষে পরীক্ষার্থীদের বেশির ভাগই জেএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া। অথচ শিক্ষকদের খামখেয়ালিপনায় গণিতের উত্তর লিখতে তাদের হিমশিম খেতে হয়।
বিক্ষুব্ধ ছাত্রীরা দাবি করে, প্রাইভেট-বাণিজ্য টিকিয়ে রাখতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করে সিলেবাসের বাইরে প্রশ্নপত্র তৈরি করেছেন। আরও কয়েকটি বিষয়ে সিলেবাসের বাইরে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এমন প্রশ্নপত্র তৈরির সঙ্গে কে কে জড়িত, তা খুঁজে চিহ্নিত করতে তারা আহ্বান জানায়।
এদিকে প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক মাসুদুর রহমান ও রহিমা খাতুন গণিতের হাতে লেখা প্রশ্নপত্র তৈরি করে জমা দেন। চূড়ান্ত সমন্বয় করেন জীববিজ্ঞানের শিক্ষক শামীম আরা ও বাংলা বিভাগের জেসমিন আরা খাতুন। গণিতের বাইরের শিক্ষকদের দিয়ে প্রশ্ন চূড়ান্ত করাকে অভিভাবকেরা খামখেয়ালিপনা বলে দাবি করেছেন।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক এস এম আসগর আলী বলেন, ‘তদন্ত চলাকালে কোনো মন্তব্য করতে চাই না। তদন্তে অভিযুক্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গত শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ার বাড়িতে নিজ কক্ষে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানা। সুরাইয়ার অপমৃত্যুর পেছনে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গত রোববার বিদ্যালয়ের ছাত্রীরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে। এসব ঘটনা নিয়ে গতকাল প্রথম আলোয় ‘চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, শিক্ষার্থীদের সড়ক অবরোধ’ শীর্ষক খবর প্রকাশিত হয়েছে।