স্কুলছাত্রীর বাবাকে বখাটেদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করায় জুতাপেটা করার প্রতিশোধ হিসেবে এক স্কুলছাত্রীর বাবাকে মারপিট করেছে বখাটেরা। গতকাল মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে। এদিকে ইভ টিজিংয়ের দায়ে যশোর ও জয়পুরহাটের পাঁচবিবিতে ছয় মাস করে কারাদণ্ড হয়েছে দুই বখাটে যুবকের।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রামের নালঘর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে (১২) স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন যশপুর গ্রামের বখাটে যুবক শাহ আলম। মেয়েটির বাবা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে দেড় মাস আগে এক সালিস বৈঠক ডাকে। সেখানে অভিযোগের প্রমাণ মিললে শাহ আলমকে জুতাপেটা করা হয়। এ ঘটনার জের ধরে শাহ আলম গতকাল দুপুরে তিন-চারজন দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে মেয়েটির বাবার ওপর হামলা চালান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে মেয়েটির বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’যশোর: নড়াইল সদর উপজেলার কুড়িগ্রাম এলাকার নাজমুল হাসান (৩২) যশোর শহরের শেখহাটি বাবলাতলা এলাকার একটি মেয়েকে বিয়ে করেন ২০০৮ সালের অক্টোবরে। দুই মাস আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। অভিযোগ উঠেছে, এর পরও নাজমুল যশোর শহরে গিয়ে তাঁর সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। গতকাল সকালেও মেয়েটিকে সিটি কলেজের সামনে উত্ত্যক্ত করা হয়। বিষয়টি র‌্যাবকে জানালে মুঠোফোনে নাজমুলকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে নির্বাহী মাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন। পাঁচবিবি (জয়পুরহাট): জেলা সদরের পাচুর চক গ্রামের বখাটে যুবক বেলাল হোসেন জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রীকে এক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে বেলাল গতকালও তাঁর পিছু নেন। মেয়েটির পিছু পিছু যেতে যেতে বেলাল একপর্যায়ে তাঁর বাড়ি পর্যন্ত যান। এরই মধ্যে মেয়েটি মুঠোফোনে তাঁর বাবাকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেলালকে ধরে ফেলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলালকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন। বেলালকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।