স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বরের বাবার অর্থদণ্ড

সিরাজগঞ্জ সদরে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়েতে বরযাত্রীরা এসেছেন। বর একই এলাকার মো. মনোয়ার হোসেন (৩৫)। এসেছেন কাজিও। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে বিয়েবাড়িতে উপস্থিত হন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে কাজি ও বর কৌশলে পালিয়ে যান। কিন্তু ধরা পড়ে যান বরের বাবাসহ বেশ কয়েকজন।
কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের বাবা মো. আবুল কালাম আজাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কনের বাবার কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। সামাজিক সচেতনতার সঙ্গে পারিবারিক সচেতনতা বাড়লে সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করা সম্ভব বলে জানান তিনি।