স্কুলছাত্রীর বিয়ে বন্ধ, বাবাকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গতকাল শুক্রবার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় জোর করে বিয়ে দেওয়ার চেষ্টার দায়ে ছাত্রীর বাবাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সরেজমিনে দেখা গেছে, দৌলরদী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইয়াছিন মিয়া তাঁর মেয়ে স্থানীয় পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তারের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা অনুষ্ঠানস্থলে যান। এ সময় তানজিলা ইউএনওকে বলে, ‘আমার বাবা-মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমার বয়স ১৫ বছর হয়নি।’ এ কথা শুনে ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে ভেঙে দেন। পরে বরসহ তাঁর পক্ষের লোকজন চলে যায়। এ সময় আদালত বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে ছাত্রীর বাবা ইয়াছিন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেন। ইয়াছিন মিয়া বলেন, ‘নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়াটা আমার ভুল ছিল। আমি তাকে লেখাপড়া করাতে আবার স্কুলে পাঠাব।’