স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ তাদের বাবা-মা বিয়েবাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে সদর উপজেলার তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তেলিপাড়া গ্রামের অষ্টম শ্রেণীপড়ুয়া ওই মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। দিনভর প্রীতিভোজ শেষে সন্ধ্যায় বরযাত্রী হাজির হয় কনের বাড়িতে। খবর পেয়ে পুলিশ নিয়ে হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইলিয়াস মেহেদী।
তবে বিয়ে বন্ধের অভিযানের খবর পেয়ে বর-কনেসহ তাদের বাবা-মা বিয়েবাড়ি রেখে পালিয়ে যান। বরকে লুকিয়ে রেখে পুলিশের সামনেই বরপক্ষের লোকজনকে আপ্যায়ন করান কনেপক্ষের লোকজন। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও তাঁদের হদিস পায়নি পুলিশ। অবশেষে বিয়ের আয়োজনে সহযোগিতা এবং অপ্রাপ্তবয়স্ক কন্যাকে পালিয়ে যেতে সহযোগিতার দায়ে কনের চাচাতো ভাইকে এক মাসের কারাদণ্ড দেন ইলিয়াস মেহেদী। পরে বরপক্ষের লোকজন ফিরে যান।