স্কুলছাত্রীর বিয়ে বন্ধের উদ্যোগ সহপাঠীদের
অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীটির বয়স ১৩ বছর। ২৬ মার্চ তার বিয়ে ঠিক করেছে পরিবার। এতে মত নেই মেয়েটির। সহপাঠীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল বৃহস্পতিবার বিয়েটি বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।
ওই বিয়ের আয়োজন করা হয়েছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায়। মেয়েটির বাবা-মা নেই। কাকার বাড়িতে বড় হয়েছে। সে উপজেলা সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে পড়ে।
খালিয়াজুরী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবদুর রউফ সরকার গতকাল বলেন, বাল্যবিবাহ আইনবিরুদ্ধ। অভিভাবকদের বুঝিয়ে ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধের চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মেয়েটির সঙ্গে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের এক ব্যবসায়ীর (২৮) বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর গত শনিবার থেকে মেয়েটির বিদ্যালয়ে আসা বন্ধ করে দেওয়া হয়। তার সহপাঠীরা বিষয়টি গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক দুপুর সাড়ে ১২টার দিকে লোক পাঠিয়ে মেয়েটিকে স্কুলে ডেকে আনেন। পরে তিনি বিয়ে বন্ধের জন্য মেয়েটির অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে জানান।
প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায় বলেন, ‘অন্য ছাত্রীদের কাছ থেকে বিষয়টি শুনে আমি ওই ছাত্রীকে স্কুলে ডেকে এনে তার কথা শুনেছি। পিতৃ-মাতৃহীন ওই ছাত্রী কাকার আশ্রয়ে থেকে পড়ালেখা করে। এই বিয়েতে তার মত নেই। বিয়ে বন্ধের জন্য আমি তার কাকা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল মেয়েটির কাকার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, ‘বিষয়টি গতকাল সন্ধ্যায় শুনেছি। বাল্যবিবাহ বন্ধের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান গত রাত সোয়া নয়টার দিকে প্রথম আলোকে বিয়েটি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।