স্কুলছাত্রীর বিয়ে হলো থানায়
কয়েক ঘণ্টার ব্যবধানে একই পাত্রের সঙ্গে দুবার বিয়ের ঘটনা ঘটেছে। প্রথম দফা গোপনে পাত্র-পাত্রীর বিয়ে হলেও দ্বিতীয় দফায় নববধূ ওই নবম শ্রেণীর ছাত্রীর বয়স ও মোহরানা বাড়িয়ে থানায় বিয়ে পড়ানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভটখালী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মেহেদি খাতুনকে (১৪) ভটখালী গ্রামের সৈয়দ আলীর বখাটে ছেলে মিজানুর রহমান ওরফে বাবু (২৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার অস্বীকার করে। এতে বাবু ক্ষিপ্ত হয়ে গত সোমবার সকালে তাকে অপহরণ করে নিয়ে যান। ওই দিন বিকেলে উপজেলার যোগীপাড়া ইউপির নিকাহ রেজিস্ট্রার সাইফুল ইসলামের কাছে ১০ হাজার টাকা মোহরানায় ছাত্রীর বয়স ১৮ বছর সাত মাস দেখিয়ে বিয়ে করেন বখাটে বাবু। নিরুপায় হয়ে মেয়ের মা গত মঙ্গলবার থানায় জানালে দুপুরের দিকে পুলিশ অপহূতার অবস্থান জানার জন্য বখাটে বাবুর বাবা সৈয়দ আলীকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে অপহূত মেহেদি খাতুন ও অপহরণকারী মিজানুর রহমান বাবুকে নওগাঁর আত্রাইয়ের ব্রজপুর গ্রাম থেকে বিকেলে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।