স্কুলছাত্রীর ভিডিও বাজারে ছাড়ার অভিযোগ বিজিবি সদস্যের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক স্কুলছাত্রীর অশালীন দৃশ্য মুঠোফোনে ধারণ করে পরে তা সিডি আকারে বাজারে ছাড়ার অভিযোগে মামলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের বিরুদ্ধে।ওই সিডি সংরক্ষণ ও বাজারজাতকরণের অভিযোগে জহিরুল ইসলাম ও শহীদুল ইসলাম নামের দুই ব্যবসায়ীকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবির ওই সদস্যের নাম মোমেন বেপারী (২৫)। বাড়ি উপজেলার পখমসার গ্রামে। তিনি একই গ্রামের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ছুটিতে বাড়ি এসে গত ২২ ডিসেম্বর ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। পরে এক বন্ধুর সহায়তায় ওই ভিডিওচিত্র সিডি আকারে বাজারে ছেড়ে দেন।এ ঘটনার শিকার ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশোনা করে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।গতকাল উপজেলার নাগেরপাড়া বাজারে অভিযান চালিয়ে ওই সিডি বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ব্যবসায়ী জহিরুল ও শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দুটি কম্পিউটার জব্দ করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিজিবির সদস্য মোমেনের মুঠোফোনে গতকাল বেশ কয়েকবার ফোন করেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ জন্য তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আসামি মোমেন বিজিবির সেপাই। তিনি বিজিবির দিনাজপুর ক্যাম্পে কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি দিনাজপুর ক্যাম্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে।