স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামে গত শুক্রবার তাছলিমা আক্তার ওরফে বিউটি (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাছলিমা বায়েক ইউনিয়নের সরু মিয়ার মেয়ে। সে শেরেবাংলা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় অনেকে জানান, একই গ্রামের আলী আজ্জমের (৬০) বাড়িতে এক বছর ধরে তাছলিমা গৃহপরিচারিকার কাজ করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে আলী আজ্জমের স্ত্রী ও পরিবারের সদস্যরা কুমিল্লায় বেড়াতে যান। ওই দিন তাছলিমা মায়ের কাছে যেতে চাইলে আলী আজ্জম তাকে যেতে দেননি। ওই রাতে আলী আজ্জম ও তাছলিমা দুজনেই বাড়িতে ছিলেন। পরদিন সকালে আলী আজ্জম তাছলিমার পরিবারকে গলায় ফাঁস দিয়ে মেয়েটির আত্মহত্যার খবর জানান। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তাছলিমার মা মাফিয়া খাতুন বলেন, তাছলিমা বাড়িতে যেতে চাইলেও আলী আজ্জম তাঁকে যেতে দেননি। রাতের বেলায় নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। এ কারণেই সে আত্মহত্যা করেছে।
আলী আজ্জম বলেন, ‘তাছলিমা সকালে বাজার থেকে কী কী আনতে হবে আমাকে বলে। বাজার থেকে এসে দেখি ঘরের দরজা বন্ধ। এই সময়ের মধ্যেই তাছলিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’ বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আলী আজ্জম মেয়েটির পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবেন বলে জানিয়েছেন। তবে আরও এক লাখ টাকা তার পরিবারকে দেওয়ার ব্যবস্থা করব।’ কসবা থানার এসআই মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।