স্কুলছাত্রীর মৃত্যু ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসা এবং অবহেলায় স্কুলছাত্রী মারা গেছে। তার স্বজনেরা এই অভিযোগ করেছে। তারা কমপ্লেক্সের চত্বরে চিকিৎসকের বিচার দাবিতে বিক্ষোভ করে। উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের মাছ বিক্রেতা মঞ্জু মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণী ছাত্রী আজনাহার আক্তার (১০) জ্বরে আক্রান্ত হওয়ায় গত সোমবার সকালে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত একটার দিকে সে মারা যায়।গতকাল মঙ্গলবার শিশুটির বাড়িতে গেলে তার মা কল্পনা আক্তার মেয়ের ঈদের জন্য কেনা নতুন জামা হাতে কাঁদতে কাঁদতে বলেন, ‘ওই ডাক্তারের ভুল চিকিৎসায় আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ে আজনার আর নতুন জামা পরা হলো না।’রোগীর সঙ্গে থাকা তার মামা সুলতান উদ্দিন জানান, আজনাহার গত তিন দিন ধরে জ্বরে ভুগছিল। সোমবার বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সারা দিন ভালো থাকার পর পরিবারের লোকজন তাকে সন্ধ্যায় বাড়িতে নিয়ে যেতে চায়। চিকিৎসক নিতে মানা করেন। রাত ১১টার দিকে শিশুটিকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। পরিবারকে জানানো হয়, ঘণ্টা দুয়েকের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির খিঁচুনি শুরু হয় এবং মারা যায়। শিশুটির স্বজনেরা উত্তেজিত হয়ে চিকিৎসকের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতাল চত্বরে লাশ নিয়ে বিক্ষোভ করে। সুলতান উদ্দিন আরও জানান, এ পরিস্থিতিতে চিকিৎসক গা বাঁচাতে মৃত শিশুকে তড়িঘড়ি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম জানান, শিশুটি ভুল চিকিৎসায় মারা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।