স্কুলছাত্রীর লাশ উদ্ধার গ্রেপ্তার দুই যুবকের দায় স্বীকার
ঝিনাইদহে অপহরণের চার দিন পর শ্রাবণী নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কলম (২০) ও রোমান (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, যুবকেরা অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে কলম শ্রাবণীর বাবার খালাতো ভাই।শহরের ধোপাঘাটা সেতুর নিচ থেকে গতকাল শুক্রবার সকালে শ্রাবণীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুরে সদর উপজেলার বাঘডাঙ্গা থেকে রোমান ও শৈলকুপা থেকে কলমকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, শ্রাবণী হরিণাকুণ্ডু উপজেলার পোল ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা কাজী রবিউল ইসলামের মেয়ে। সে সদর উপজেলার হলিধানী এলাকায় তাঁর নানার বাড়িতে থেকে হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত।পুলিশ জানায়, শ্রাবণী গত সোমবার বিকেলে স্কুল থেকে পরীক্ষা শেষে ফেরার পথে অপহূত হয়। এ ঘটনায় ওই দিনই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।জিডি সূত্রে জানা গেছে, অপহরণকারীরা মুঠোফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।গতকাল থানায় সাংবাদিকদের উপস্থিতিতে কলম বলেন, ‘শ্রাবণীর বাবা বিদেশে থাকে, অনেক টাকা পাঠায়। টাকার লোভে আমরা শিশুটিকে অপহরণ করি। কিন্তু শিশুটি নিকটাত্মীয় হওয়ায় তাকে ফেরত দিলে সব ফাঁস হয়ে যাবে। এই ভয়ে তাকে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে দিই।’সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, অপহরণের রাতেই তাকে হত্যা করা হয়। ওসি জানান, শ্রাবণীর মা রাখি বেগম এ ব্যাপারে ঝিনাইদহ থানায় একটি হত্যা মামলা করেছেন।