স্কুলছাত্রীর শ্লীলতাহানি, ক্ষোভে অপমানে আত্মহত্যা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শ্লীলতাহানির শিকার এক স্কুলছাত্রী ক্ষোভ ও অপমানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সকালে উপজেলার বার্লিনা গ্রামের নিজ বাড়িতে ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের মাদকাসক্ত বখাটে মো. রাসেল এক বছর ধরে পাশের বার্লিনা গ্রামের মরিয়ম আক্তারকে (১৪) স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। মরিয়ম স্থানীয় দুলালপুর এস এম অ্যান্ড কে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত।পরিবারের সদস্যরা অভিযোগ করে জানায়, রাসেল মুঠোফোনে মরিয়মকে অশ্লীল খুদে বার্তা পাঠাত। প্রায়ই স্কুলে যাওয়ার পথে জোর করে কথা বলার চেষ্টা করত। বন্ধুদের নিয়ে তাকে লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি করত। মরিয়মের মা জাহেরা বেগম বলেন, ‘মাদকাসক্ত রাসেলের হাত থেকে মেয়েকে নিরাপদ রাখার জন্য বেশ কিছুদিন ধরে আমি মরিয়মকে নিয়ে স্কুলে যেতাম। গত রোববার সকালে মরিয়ম বাড়ির পেছনে গেলে রাসেল হঠাৎ সেখানে উপস্থিত হয়ে মরিয়মের মুখে কাপড় চেপে ধরে। পরে তাকে টেনেহিঁছড়ে পাশের পাটখেতে নিয়ে যায়। এ সময় মরিয়মের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রাসেল পালিয়ে যায়। এ ঘটনায় রাগে-ক্ষোভে মরিয়ম ঘরে এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’জাহেরা বেগম বলেন, ‘বখাটে রাসেলের বাবা মহালক্ষ্মীপাড়ার সাবেক ইউপি সদস্য এনামুল হক প্রভাবশালী হওয়ায় রাসেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাইনি।’ রাসেলের ভগ্নিপতি দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুই মাস আগে একটি সালিসি বৈঠকে মরিয়মকে উত্ত্যক্ত করার অপরাধে রাসেলকে জুতাপেটা করেছিলাম। কিন্তু তার আচরণের কোনো পরিবর্তন হয়নি।’ দুলালপুর এস এম অ্যান্ড কে উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সানাউল হক বলেন, ‘রাসেল বখাটে ও প্রভাবশালী ছেলে। মরিয়মকে উত্ত্যক্ত করার অনেক অভিযোগ আমার কাছে এসেছে।’ মরিয়মের বাবা ওমানপ্রবাসী মো. ইউসুফ গাজী মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত করায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি মেয়ের হত্যাকারী রাসেলের উপযুক্ত বিচার চাই।’ঘটনার পর থেকে বখাটে রাসেল পলাতক। ব্রাহ্মণপাড়া থানার ওসি খান হুমায়ুন কবীর বলেন, তদন্ত করে আত্মহত্যার প্রকৃত কারণ বের করা হবে।